বান্দরবানের দুটি ইউনিয়নে টিকা দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা ভাইরাস

বান্দরবানের দুই উপজেলার দুটি ইউনিয়নে আজ শনিবার করোনাভাইরাসের টিকা দেওয়া সম্ভব হয়নি। আবহাওয়া খারাপ থাকায় স্বাস্থ্যকর্মীরা যেতে না পারায় দুই ইউনিয়নের চারটি টিকাকেন্দ্র চালু করা সম্ভব হয়নি।

তবে সেখান থেকে লোকজন নিয়ে এসে উপজেলা সদরে টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে। আগামীকাল রোববার বা সুবিধামতো সময়ে ওই কেন্দ্রে অথবা কাছাকাছি জায়গায় স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়ন অত্যন্ত দুর্গম। বগালেক থেকে কেওক্রাডং ও তাজিংডং অতিক্রম করে পায়ে হেঁটে চলা পথ ছাড়া বর্ষা মৌসুমে আর কোনো যোগাযোগব্যবস্থা নেই। সেখানে সুংচংপাড়া ও থাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে বৃষ্টি হওয়ায় স্বাস্থ্যকর্মীরা সেখানে যেতে পারেননি। জনপ্রতিনিধিদের মাধ্যমে সেখান থেকে ৩৫-৪০ জনকে রুমা উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। তাঁদের টিকা প্রদান করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামংপ্রু মারমা জানান, আবহাওয়া খারাপ থাকায় রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের দুটি কেন্দ্রে যাওয়া সম্ভব হয়নি। আবহাওয়া ভালো হলে আগামীকাল রোববার নির্ধারিত সুংচংপাড়া ও থাইক্ষ্যংপাড়া কেন্দ্রে যাওয়া সম্ভব না হলেও কাছাকাছি জায়গায় গিয়ে টিকা দেওয়া হবে। জনপ্রতিনিধিরা সম্পৃক্ত থাকায় লোকজন টিকা নিতে আসবেন।

একইভাবে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের কুরুকপাতাবাজার ও পোয়ামুহুরি বাজারে দুটি টিকাকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। কিন্তু খরস্রোতা মাতামুহুরী নদীর পানি বেশি থাকায় স্বাস্থ্যকর্মীরা সেখানে যেতে পারেননি। জনপ্রতিনিধিদের মাধ্যমে সেখান থেকে কিছু লোক আনা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, দুর্গম হওয়ায় তাঁর ইউনিয়নে চারটি টিকাকেন্দ্রের জন্য তিনি প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু আজ শনিবার সেখান থেকে ৫০-৫৫ জনকে নিয়ে এসে পার্শ্ববর্তী নোয়াপাড়া ইউনিয়নে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য প্রশাসন থেকে এখনো তাঁকে ইউনিয়নের কোথায় টিকাকেন্দ্র হবে বা আদৌ হবে কি না, জানানো হয়নি।

আলীকদমের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন জানান, কুরুকপাতা ইউনিয়নের একটি টিকাকেন্দ্রে তাঁরা যাওয়ার কথা ভাবছেন। আবহাওয়া ভালো হলে সেখানে যাওয়ার চেষ্টা করা হবে।