বান্দরবানের মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাকিরা হলেন মেয়রের ছোট ভাই নাছির উদ্দিন, ব্যক্তিগত সহকারী আশুতোষ দে ও শেখ ফরিদ উদ্দিন।

আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, বাসাবাড়ি ভাঙচুর, লুটপাট এবং যৌন নিপীড়নের অভিযোগে এক নারী গত বছরের ২৭ জুন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় পৌর মেয়র ইসলাম বেবীসহ সাতজনকে আসামি করা হয়। ৩ অক্টোবর এই মামলায় পুলিশ প্রতিবেদন দেয়। এতে বলা হয়, সাত আসামির মধ্যে তিন আসামির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, বাড়ি ভাঙচুর ও লুটপাটের সত্যতা পাওয়া গেছে। তাঁরা বাদী নারীর পিতার বসতবাড়ি ভেঙে দিয়েছেন এবং জায়গাটি দখল করে সীমানাদেয়াল নির্মাণ করেন।

বাদীর আইনজীবী কাজী মহতুল হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ তদন্তে ইসলাম বেবীকে অব্যাহতির সুপারিশ করলেও আদালত তা গ্রহণ না করে তাঁর বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে তিনিসহ চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।

বক্তব্য জানতে মেয়র ইসলাম বেবীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। তিনি কয়েক মাস ধরে অসুস্থ বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন।