বাফার গুদাম বন্ধের সিদ্ধান্ত, সঠিক সময়ে সার সরবরাহ নিয়ে শঙ্কা
পটুয়াখালীর লাউকাঠিতে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদাম থেকে ডিলারদের মধ্যে সার সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে গুদামে সারের মজুত শেষ। স্থানীয় ডিলারদের বাফার বরিশাল গুদাম থেকে সার সরবরাহের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠিও দেওয়া হয়েছে। তবে বরিশাল থেকে সার তুলে পটুয়াখালীর কৃষক পর্যায়ে সঠিক সময়ে পৌঁছানো সম্ভব নয় বলে মনে করছে বাফার পটুয়াখালী শাখা। সংগঠনের পক্ষ থেকে জেলায় গুদামের কার্যক্রম চালু রাখতে বিসিআইসির চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হয়েছে।
পটুয়াখালীর সার ডিলারদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় মোট ডিলার ৭৮ জন। দীর্ঘ ১৪ বছর ধরে এই ডিলাররা পটুয়াখালীর বাফার গুদাম থেকে তাঁদের বরাদ্দের সার সরবরাহ করে আসছিলেন। কিন্তু ভবন পুরোনো এবং ব্যবহারের অনুপযোগী হওয়ার কথা জানিয়ে গুদামটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিআইসি।
ডিলাররা জানান, বাফার বরিশাল গুদাম থেকে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার ডিলারদের সার সরবরাহ করা হয়। চার জেলায় সার সরবরাহে সময়ক্ষেপণ হয়। পটুয়াখালীর ডিলাররাও সেখান থেকে সার তুলতে গিয়ে ভোগান্তিতে পড়বেন।
পটুয়াখালী শহরের শহীদ এন্টারপ্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম জানান, ইতিমধ্যে পটুয়াখালীর গুদামে সার শেষ হওয়ায় বরিশাল গুদাম থেকে সার উত্তোলনের উদ্যোগ নিয়েছেন। ব্যাংকে টাকা জমাও দিয়েছেন। কিন্তু চার-পাঁচ দিন হয়ে গেছে; এখনো সার তুলতে পারেননি। আগের বরাদ্দের সার দিয়ে চলছে তাঁর দোকান।
জেলার রাঙ্গাবালীর বড় বাইশদিয়া ইউনিয়নের ডিলার আমিন এন্টারপ্রাইজের মালিক নুরুল আমিন জানান, উপজেলাটি এমনিতেই যোগাযোগবিচ্ছিন্ন। নৌপথ ছাড়া সার পৌঁছানোর বিকল্প নেই। বরিশাল থেকে সার উত্তোলনে সিরিয়াল দিতে হবে, সার পেতে কয়েক দিন লেগে যাবে। এরপর নদীপথে এলাকায় সার পৌঁছাতে দেরি হবে এবং এটা ব্যয়বহুলও হবে। এতে করে কৃষক পর্যায়ে সঠিক সময়ে সার পৌঁছানো যাবে না।
রাঙ্গাবালীর উত্তর কাজির হাওলা গ্রামের কৃষক বায়তুন মৃধা জানান, তিনি এ বছর ১০ একর জমিতে আমনের আবাদ করছেন। তাঁর ৫০০ কেজি ইউরিয়া সার প্রয়োজন। ইতিমধ্যে তিনি স্থানীয় ডিলারদের কাছ থেকে সার কিনেছেন। ডিলাররা পটুয়াখালী থেকে এক দিনের মধ্যে ট্রলারে সার নিয়ে চলে আসেন। তবে বরিশাল থেকে সার উত্তোলন করে আনতে অনেক সময় লাগবে।
বাফার পটুয়াখালী গুদামের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই গুদাম থেকে ১৮ হাজার ৬২ মেট্রিক টন সার ডিলারদের সরবরাহ হয়েছে। আগস্ট মাসে বরাদ্দ এসেছে ৪ হাজার ৭০০ মেট্রিক টন সার। তবে এর ৭৫ ভাগ বরিশাল গুদামে এবং ২৫ ভাগ পটুয়াখালীর গুদামে এসেছে। ২৩ আগস্ট পটুয়াখালীর মজুত শেষ হয়েছে।
বিসিআইসির মহাব্যবস্থাপক (বিপণন) মো. মঞ্জুর রেজা ২৪ জুন স্বাক্ষরিত পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে জানান, বাফার পটুয়াখালী গুদামটি অনেক পুরোনো ও ব্যবহার অনুপযোগী। চিটাগাং ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) গুদামটি ব্যবহার উপযোগী করতে মেরামতের উদ্যোগ নেয়। তবে গুদামটি মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব। তাই গুদামের মজুত শেষে পটুয়াখালীর ডিলারদের বরাদ্দের সার বরিশাল থেকে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠি পেয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় গত ৮ জুলাই তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) জি এম সরফরাজ। সদস্যসচিব পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মহিউদ্দিন। আর সদস্য পটুয়াখালী বাফার গুদাম ইনচার্জ মো. মশিউল ইসলাম। এই কমিটি বাফার গুদামের সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করে ২৮ জুলাই সুপারিশসহ প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়, গুদামের ছাদের কিছু অংশ দুর্বল। অতি বৃষ্টিতে কিছু কিছু অংশ দিয়ে সামান্য পানি চুইয়ে পড়ে। গুদাম–সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, মেরামত করলে গুদামটি আরও কয়েক বছর ব্যবহার উপযোগী থাকবে। ইতিমধ্যে বিসিআইসির গঠিত কমিটি গুদামটি মেরামতের জন্য প্রতিবেদন দাখিল করেছে। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ৮৭ হাজার টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে জেলায় আমন বীজতলা তৈরি শেষ করে রোপণ কার্যক্রম চলছে। জেলায় দুই লাখ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফলে প্রচুর সার ব্যবহার হবে এবং ডিলাররা জেলার বাফার গুদাম থেকে সার নিয়ে সহজেই কৃষকদের মধ্যে পৌঁছাতে পারবেন। ভরা আমন মৌসুমে সার সরবরাহে ব্যাঘাত ঘটলে আমন আবাদে বিরূপ প্রভাব পড়বে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটিও পটুয়াখালীর বাফার গুদাম থেকে সার সরবরাহের পক্ষে মতামত দিয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ৮ আগস্ট বাফার গুদাম পরিদর্শন প্রতিবেদনটি বিসিআইসির চেয়ারম্যান বরাবর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছেন।
এদিকে সার ডিলারদের সংগঠন বাফা পটুয়াখালী শাখার সভাপতি মো. গোলাম সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন জেলা বাফার গুদামের কার্যক্রম বন্ধ না করতে কৃষক ও সার ডিলারদের পক্ষ থেকে ৬ জুন বিসিআইসির চেয়ারম্যান বরাবর চিঠি দেন।
ওই চিঠিতে বলা হয়, ২০০৭ সাল থেকে বাফার পটুয়াখালী গুদামের কার্যক্রম সুষ্ঠুভাবে চলে আসছে। গুদামে কিছু সমস্যা থাকলেও কখনো সার নষ্ট হয়নি। এ অবস্থায় পটুয়াখালী থেকে বাফার গুদামের কার্যক্রম বন্ধ করে জেলার সব বিসিআইসির ডিলারদের বরিশাল বাফার গুদাম থেকে সার আনতে বলা হয়েছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এর ফলে কৃষক পর্যায়ে সঠিক সময়ে সার পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে।
চিঠিতে বলা হয়, জেলায় বাফার গুদাম স্থাপনের পর থেকে কৃষক পর্যায়ে সারের সহজলভ্যতার কারণে তরমুজ, মুগডাল, আউশ, বোরোসহ বিভিন্ন রবি ফসল উৎপাদনে সফলতা এসেছে। কৃষিতে সফলতা ধরে রাখার জন্য কৃষক পর্যায়ে সঠিক সময়ে সার পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়াবে। এতে করে চলতি আমন আবাদ ও উৎপাদন বিঘ্নিত হবে।