নারায়ণগঞ্জের শহরের চাষাঢ়ায় অবস্থিত ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি দুটি অপসারণ এবং সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনার দ্রুত বিচার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। এই দাবিতে তারা বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে।
সংগঠনের জেষ্ঠ সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নিহত ব্যবসায়ী আলতাফ হোসেনের সাবেক স্ত্রী ও মুক্তি আলীফ বেলির মা আয়েশা রহমান সিদ্দিকা, আলতাফ হোসেনের ভাই আলী আসগর, বড় বোন মাহমুদা বেগম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সংগঠনের সম্পাদক জহিরুল ইসলাম, আমরা নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক ও খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর, সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস, ন্যাপের জেলা সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহিলা পরিষদের শহর সভাপতি শাহানারা বেগম, নারীনেত্রী পপি রানী সরকার, সমমনার সভাপতি সালাহউদ্দি আহমেদ প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, ‘চাষাঢ়া এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শহরে যানজটের জন্য জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। এ যানজটের অন্যতম কারণ চাষাঢ়ায় অবস্থিত পুলিশ ফাঁড়ি ও ডাকবাংলো। আমরা দীর্ঘদিন ধরে সরকারি এ স্থাপনা দুটি অপসারণের দাবি জানালেও প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। এমনি সড়কে হত্যাকাণ্ডের ঘটনায়ও তাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা লক্ষ করি, সরকার রাষ্ট্র ও জনস্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জায়গা অধিগ্রহণ করছে, স্থাপনা ভেঙে দিচ্ছে, অথচ জনগণের প্রয়োজনে, দুর্ভোগ নিরসনের জন্য সরকারি এ স্থাপনা দুটি তারা ভাঙছে না। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েও অদ্যাবধি কোনো সাড়া পাইনি।’
রফিউর রাব্বি আরও বলেন, এখানে দুটি বিশ্ববিদ্যালয়, কয়েকটি স্কুল ও বহু কোচিং সেন্টার রয়েছে। এ পথ দিয়ে হাজারো শ্রমিক প্রতিদিন বিসিকে যাচ্ছে। সকাল থেকে রাত অবধি শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষ এ পথে চলাচল করছে। সরকারি এ স্থাপনা দুটি এখন নারায়ণগঞ্জবাসীর দুর্ভোগের বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান।
আয়েশা রহমান সিদ্দিকা তাঁর সাবেক স্বামী ও কন্যা হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
বক্তারা বলেন, ‘আমরা আইন হাতে তুলে নিতে চাই না, যদি প্রশাসন দ্রুত এ স্থাপনা দুটি অপসারণ না করে, আমরা নারায়ণগঞ্জবাসীকে নিয়ে এটি অপসারণে তাদের বাধ্য করব। সমাবেশে নিহত আলতাফ হোসেনের স্কুলের সহপাঠীরা “শম্ভূপুরা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ” ব্যানারে কর্মসূচিতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।’