
ট্রেনের নিচে মেয়েকে নিয়ে আত্মহত্যাকারী হযরত আলীর মৃত্যুর জন্য বিচারহীনতাকেই দায়ী করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, মেয়ের সুরক্ষার দাবিতে বিচার না পেয়েই তিনি এমনটা করেছেন।
গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শ্রীপুর রেলস্টেশনের পশু হাসপাতাল-সংলগ্ন এলাকায় দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের নিচে কাটা পড়েন হযরত আলী (৪৫) ও তাঁর মেয়ে আয়েশা আক্তার (৮)। এ ঘটনায় আজ সোমবার হযরত আলীর স্ত্রী হালিমা বেগমকে সমবেদনা জানাতে শ্রীপুরের কর্ণপুর সিটপাড়া গ্রামে যান কাজী রিয়াজুল হক। সেখানেই তিনি এ কথা বলেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘হযরত আলী ও তাঁর স্ত্রী হালিমা বেগম তাঁদের মেয়ের দুর্ঘটনাসহ পারিপার্শ্বিক ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সমাজপতি ও শ্রীপুর মডেল থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু বিচারে আশ্বস্ত হতে না পেরে অনেকটা অভিমানেই মেয়েকে নিয়ে বাবা পরপারে চলে যান। এ ঘটনার মাধ্যমে হযরত আলী আমাদের অনেকটা লজ্জা দিয়ে গেলেন। তাই এসব ঘটনা এড়াতে সমাজের সব ক্ষেত্রে ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

রিয়াজুল হক জানান, এ ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন হালিমার পক্ষ থেকে আইনি লড়াই চালিয়ে যাবে। এ সময় তিনি হালিমার নিরাপত্তাসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা বেগম অসহায় হালিমার হাতে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা তুলে দিয়ে বলেন, শিগগিরই হালিমার জন্য বিভিন্ন ভাতার ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক শরিফ উদ্দিন, সহকারী পরিচালক রবিউল ইসলাম, সাজ্জাদুর রহমান, ইউএনডিপির উপদেষ্টা শর্মিলা রাসূল, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা বেগম প্রমুখ। এর আগে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।
এদিকে নিহত বাবা ও মেয়ের মরদেহ রাতে কর্ণপুর পৌঁছালে সকাল সাড়ে দশটায় দাফন করা হয়।
আরও পড়ুন: