বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রেনের ধাক্কা, দুই ভাই নিহত

লাশ
প্রতীকী ছবি

চোখের চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ঢাকার পথে রওনা হন দুই ভাই। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লেভেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের সঙ্গে তাঁদের সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে দুই ভাই নিহত হন। আহত হন বাবা ও অটোরিকশার চালক। আজ রোববার ভোর পৌনে পাঁচটার দিকে তালশহর লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের রুবেল মিয়া (৩৩) ও তাঁর ছোট ভাই পাভেল মিয়া (২৩)। আহত হয়েছেন তাঁদের বাবা সাদেক মিয়া (৭৫) ও অটোরিকশার চালক সিরু মিয়া (৬৫)। সাদেক মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এবং অটোরিকশার চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা বলেন, ভোরে একটি অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে জেলা শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। আশুগঞ্জ উপজেলার তালশহর লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান বলেন, সদর উপজেলার রাজঘর গ্রাম থেকে অটোরিকশা রিজার্ভ করে বাবার চোখের চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন দুই ছেলে। গেটম্যান বা অটোরিকশার চালকের ভুলের জন্য এমন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুই ভাইয়ের লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।