বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার
বগুড়ার শেরপুর উপজেলায় বাবাকে হত্যার ঘটনায় করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে খানপুর ইউনিয়নের খানপুর পশ্চিম পাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুক্ষণ আগে শেরপুর থানায় হত্যা মামলাটি করেন ছেলের মা।
গ্রেপ্তার যুবকের নাম মো. মামুন মণ্ডল (২৮)। তিনি খানপুর পশ্চিম পাড়া গ্রামের মতিউর রহমান ও ফুলেরা বেগম দম্পতির ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর খানপুর ইউনিয়নের খানপুর পশ্চিম পাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে মামুন মণ্ডল বাড়ি থেকে ১৫ কেজি চাল নিয়ে গ্রামের একটি মাজারে দেন। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ১২ ডিসেম্বর ভোরে মামুন তাঁর বাবাকে নিয়ে ওই মাজারে চাল ফেরত আনার জন্য রওনা হন। যাওয়ার পথে একটি ভুট্টাখেতে মামুন নিজের কাছে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবার নাকেমুখে কোপান। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মতিউরকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গ্রেপ্তার মামুনের ছোট ভাই সোহেল রানা মণ্ডল বলেন, গত সোমবার ঢাকা থেকে তাঁর বাবার লাশ এনে রাতে দাফন করা হয়। মঙ্গলবার রাতে থানায় গিয়ে তাঁর মা ফুলেরা বেগম (৫২) বাদী হয়ে শেরপুর থানায় মামুনের নামে হত্যা মামলা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নিহত মতিউর রহমানের স্ত্রী ফুলেরা বেগমের মামলার পরই মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতে তোলা হবে।