বাবার তিন চাকার যানের চাপায় প্রাণ গেল ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের চৌগাছা উপজেলায় বাবার মিশুক (মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে তৈরি তিন চাকার বাহন) চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা দুইটার দিকে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম সামিউল ইসলাম (৬)। সে উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

শিশুটির বাবা জানান, আজ দুপুরে ছেলে সামিউলকে নিয়ে তিনি বাড়িয়ালী-আমজামতলা সড়ক দিয়ে মিশুক চালাচ্ছিলেন। বেলা দুইটার দিকে মিশুকটি উপজেলার বাড়িয়ালী এলাকায় জনৈক আজিজের বাড়ির সামনে পৌঁছায়। এ সময় সামিউল গাড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে তিনি তাকে ধরতে যান। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সামিউলের মাথার ওপর পড়ে। এতে সামিউলের মাথার বাঁ পাশে আঘাত লাগে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।