বাবার নির্বাচনী কার্যালয় দেখতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
বাবার নির্বাচনী কার্যালয় দেখতে গিয়ে নির্মাণাধীন ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের প্রধান সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম ইমতিয়াজ হোসেন (১৫)। সে ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর বাঁশপাড়া ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে ইমতিয়াজের এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
ইমতিয়াজের বাবা ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ৬ নম্বর বাঁশপাড়া ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়েছেন। আগামী ২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। নির্মাণাধীন একটি ১০ তলা ভবনে নির্বাচন উপলক্ষে তিনি অস্থায়ী নির্বাচনী কার্যালয় করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার ঠিক আগমুহূর্তে ইমতিয়াজ তার বাবার নির্বাচনী কার্যালয়ে যায়। কৌতূহলবশত সে ১০ তলার ছদে ওঠে। ছাদে হাঁটাহাঁটির একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে ছাদ থেকে পড়ে একই ভবনের ৬ তলার ওপর পড়ে। এতে ইমতিয়াজ গুরুতর আহত হয়।
সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজের মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহত স্কুলছাত্রের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।