বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর
তিন বছরের ছেলেকে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন বাবা। পথে হঠাৎ করে মোটরসাইকেলের ব্রেক ধরলে সড়কের ওপর ছিটকে পড়ে শিশুটি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সূর্য চন্দ্র দে (৩)। সে পৌরসভার নগরকুমারী এলাকার শুভ চন্দ্র দের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুভ চন্দ্র দে সম্প্রতি মোটরসাইকেল চালানো শিখেছেন। বিকেলে তাঁর তিন বছর বয়সী ছেলে সূর্য বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর বায়না ধরে। এ সময় শুভ তাঁর এক ফুফাতো ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ছেলেকে পেছনে বসিয়ে চালানো শুরু করেন। শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সামনে একটি গাড়ি দেখে হঠাৎ মোটরসাইকেলের ব্রেকে চাপ দেন শুভ। এতে পেছনে থাকা শিশুটি ছিটকে সড়কের ওপর পড়ে। এরপর শিশুটিকে পেছন থেকে এসে একটি ট্রাক চাপা দেয়। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন।
দুর্ঘটনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।