বাবার সামনে ট্রলির ধাক্কায় মারা গেল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় বাবার সঙ্গে রাস্তায় হাঁটার সময় ট্রলির ধাক্কায় আট বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আনোয়ারা হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ কাইয়ুম। সে উপজেলার শিলাইগড়া গ্রামের মোহাম্মদ কাইছারের ছেলে ও উপজেলার দারুল আমান মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্র। নিহত মোহাম্মদ কাইয়ুমের বাবা রাজমিস্ত্রির কাজ করেন এবং মা পোশাক তৈরির কারখানায় কাজ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় কাইয়ুম ও তার ছোট ভাই বাবার সঙ্গে শোলকাটা গ্রামে নানার বাড়িতে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি ট্রলি গাড়ি কাইয়ুমকে ধাক্কা দেয়। এতে কাইয়ুম গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; তবে কাইয়ুমের অবস্থা গুরুতর হওয়ায় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে কাইয়ুমের মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা কাইছার বলেন, ‘আমরা একসঙ্গে রাস্তা পার হচ্ছিলাম। এ সময় দ্রুতগতির লোহা ও সিমেন্ট বোঝাই একটি ট্রলি গাড়ি কাইয়ুমকে ধাক্কা দেয়।’

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সুদীক্ষা চৌধুরী বলেন, আট বছরের শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম পাঠানো হলেও পথে তার মৃত্যু হয়। শিশুটির মাথা ও চোখে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল শিকদার বলেন, মোহাম্মদ কাইয়ুমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ওই ট্রলি ও এর চালক পালিয়ে গেছেন।