বাবুরহাটের কাপড় এখন থেকে মিলবে অনলাইনে
দেশের অন্যতম পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের সব ধরনের দেশীয় কাপড় এখন থেকে মিলবে অনলাইনে। সব ধরনের কাপড় বিক্রেতাদের সুবিধার্থে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কাপড়পট্টি ডট কম নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম। আজ রোববার দুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনলাইন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শেখেরচর-বাবুরহাটে সপ্তাহের নির্দিষ্ট দুই দিন বেচাকেনা হয়। করোনা পরিস্থিতিসহ নানা কারণে হাটের বেচাকেনায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ ছাড়া দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারি ক্রেতাদেরও ভোগান্তি পোহাতে হয়। পাইকারি ক্রেতা–বিক্রেতাদের সুবিধার্থে দেশজুড়ে তাঁতসহ সব ধরনের কাপড়ের বেচাকেনা বাড়াতে ডিজিটাল হাটের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই উদ্যোগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কাপড় বিক্রির সুবিধার পাশাপাশি খুচরা বিক্রেতারাও যৌক্তিক দামে পছন্দের কাপড় কিনতে পারবেন। দেশের যেকোনো প্রান্তে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এবং দেশের বাইরে ৩ থেকে ৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে।
অনলাইন প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা জানান, ক্রেতারা ঘরে বসে নগদ, বিকাশ, রকেট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এ ছাড়া প্ল্যাটফর্মটির এক্সপেরিয়েন্স সেন্টারে বিক্রেতারা খুব সহজেই তাঁদের পণ্যের মার্কেটিং করতে পারবেন এবং ক্রেতারা সহজে কাপড়ের গুণগত মান ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন।
সিইও মো. আল মামুন বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সব ব্যবসায় আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। কিন্তু তাঁতসহ দেশীয় কাপড়ের অন্যতম পাইকারি হাটের ব্যবসায়ীরা এত দিন পিছিয়ে ছিলেন। এই উদ্যোগের ফলে পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেন।