এই সময়ের জীবিকা
বাবুলের জীবিকা, হারানো দিনে ফেরা শ্রোতাদের
একসময় বাবুল হোসেন গানের দলের শিল্পী ছিলেন। পেশা পরিবর্তন করে কখনো হকার, দিনমজুরিও করেন।
পরনে কমলা রঙের নকশা করা পোশাক। গলায় ঝোলানো হারমোনিয়াম, পায়ে ঘুঙুর। গানের সুর ও তালের সঙ্গে নেচে চলেছেন। রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌর এলাকার পথে, বাজারে দেখা মিলছে এমন সাজের এক ব্যক্তির। তাঁর নাম বাবুল হোসেন (৫০)। এভাবে গান গেয়েই জীবিকা নির্বাহের পথ বেছে নিয়েছেন তিনি।
স্থানীয় লোকজনের মধ্যে তিনি পরিচিতি পেয়েছেন বাবু গায়েন নামে। তাঁর গ্রামের বাড়ি নওগাঁর ভীমপুরে। একসময় তিনি গানের দলের শিল্পী ছিলেন। সহশিল্পী হিসেবে রাজশাহী অঞ্চলের ‘সাইদুরের কেচ্চা’ দলের সঙ্গে যুক্ত ছিলেন বাবুল। তবে দর্শক–শ্রোতারা বিমুখ হওয়াসহ বিভিন্ন কারণে কেচ্চা দল ভেঙে গেলে বেকার হয়ে পড়েন তিনি। বৃদ্ধা মা ও চার কন্যাসন্তানের সংসার চালাতে পেশা পরিবর্তন করে কখনো হকার, কখনো দিনমজুরের কাজ শুরু করেন তিনি।
তবে করোনাকালে এসব পেশার আয় কমে যাওয়ায় আবারও গানে ফিরেছেন বাবুল। পুরোনো হারমোনিয়ামকে সঙ্গে নিয়ে গাইতে শুরু করেন হারানো দিনের লোকগান। এর মধ্যে আছে ‘বাড়ির পাশে বেতের আড়া’, ‘তোমার মামার ঘাড়ের গামছা/তোমার গায়ে কেন দেখি রে/পাগল করিল ভাইগনা রে।’
যেসব এলাকায় গানের পালা বা অনুষ্ঠানের আয়োজন করা হতো, সেসব এলাকার পথে, বাজারে ঘুরে বেড়ান বাবুল। এর মধ্যে রাজশাহীর বাগমারা অন্যতম। বেশ কয়েক দিন ধরে এই উপজেলায় অবস্থান করছেন তিনি। গতকাল সোমবার উপজেলা সদরের ভবানীগঞ্জের পথে দেখা যায় বাবু গায়েনকে। পুরোনো দিনের গ্রামীণ গানগুলোর অনুরোধও আসছে লোকজনের কাছ থেকে। সেগুলো শোনানোর পর কেউ কেউ সাধ্যমতো অর্থ দেন বাবুলকে। প্রবীণেরাই তাঁর গাওয়া গানগুলো বেশি মনোযোগ দিয়ে শোনেন।
বাবুল জানান, করোনাকালে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন পথে বের হতে পারেননি, তাই রোজগারও ছিল না। বিধিনিষেধ উঠে যাওয়ায় আবার মাঠে নেমেছেন তিনি। বাগমারা এলাকায় তাঁর গানের ভক্ত বেশি। তাই এই প্রত্যন্ত এলাকায় গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ঘুরে বেড়ান বাবুল। এতে কোনো দিন ১০০, কোনো দিন ৫০০ টাকা আয় হয় তাঁর।
বাগমারা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আকবর আলী বলেন, বাবু গায়েন একসময় সাইদুরের কেচ্চা দলের সহশিল্পী ছিলেন। ওই গানগুলো এলাকায় ব্যাপক প্রচলিত ও মুখে মুখে ছিল।
করোনাকালে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন পথে বের হতে পারিনি, তাই রোজগারও ছিল না। বিধিনিষেধ উঠে যাওয়ায় আবার মাঠে নেমেছি।বাবুল হোসেন, শিল্পী
বাবুলের বিষয়টি জানিয়ে যোগাযোগ করা হলে বাগমারা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বাবু গায়েনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। নতুন প্রজন্ম পুরোনো দিনের গানগুলো যেমন শুনতে পারছেন, তেমনি প্রবীণদের মধ্যেও নতুন করে শোনার আগ্রহ তৈরি হচ্ছে, তাঁরা হারিয়ে যাচ্ছেন অতীতে।