বাবুলের দুই সন্তানের সঙ্গে কথা বলার আবেদনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যা মামলায় তাঁদের দুই সন্তানের সঙ্গে কথা বলতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) করা আবেদনের শুনানি পিছিয়েছে। আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১–এর বিচারক মুরাদ এ মাওলা সোহেলের আদালতে শুনানির দিন ধার্য ছিল।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭–এর বেঞ্চ সহকারী কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনাল–৭–এর বিচারক অসুস্থ থাকায় ট্রাইব্যুনাল–১–এর বিচারক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। পিবিআইয়ের করা আবেদনের শুনানি না করে আদালত আদেশ দিয়েছেন, বিচারক এলে শুনানি হবে। তবে এখনো তারিখ নির্ধারণ করা হয়নি।

বাসা থেকে বেরিয়ে বড় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় ২০১৬ সালের ৫ জুন মাহমুদাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। বাবুলের নির্দেশে তাঁর সোর্স (তথ্যদাতা) কামরুল শিকদার ওরফে মুছা সহযোগীদের নিয়ে মাহমুদাকে খুন করেন বলে পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।

খুনের রহস্য উদ্‌ঘাটনে বাবুল-মাহমুদার দুই সন্তানকে (ছেলে-মেয়ে) গুরুত্বপূর্ণ সাক্ষী উল্লেখ করে তাদের সঙ্গে কথা বলার জন্য আদালতে গত সপ্তাহে একটি আবেদন করা হয়।

মাহমুদা হত্যার ঘটনায় বাবুল ও তাঁর শ্বশুর মোশারফের করা পৃথক মামলার তদন্ত করছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মুহাম্মদ ওমর ফারুক। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের আদেশ পেলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।