সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে করা নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম এ আদেশ দেন।
গত ২২ ফেব্রুয়ারি বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন আদালতে নারাজি আবেদন করেন। আদালত রোববার শুনানির জন্য দিন ধার্য রেখেছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, শুনানি শেষে আদালত বাদীর আবেদন খারিজ করে দেন।
এ বছরের ২৫ জানুয়ারি পিবিআই মোশাররফের করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এতে মামলায় গ্রেপ্তার আসামি বাবুলসহ অন্যদের অব্যাহতির সুপারিশ করা হয়। একই ঘটনায় আরেকটি মামলা (বাবুলের করা) থাকায় সেটি পিবিআইকে তদন্ত করতে বলা হয়। এক ঘটনায় দুটি মামলা হওয়ায় একটির তদন্ত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মাহমুদা হত্যার ঘটনায় প্রথম মামলাটি করেন বাবুল। দ্বিতীয় মামলা করেন তাঁর শ্বশুর ও মাহমুদার বাবা মোশাররফ। দুটি মামলাই তদন্ত করে পিবিআই। মাহমুদা হত্যার পরদিন ২০১৬ সালের ৬ জুন তাঁর স্বামী বাবুল বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। একই দিন বাবুলের শ্বশুর মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এই মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়।
বাবুলের করা মামলায় পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে নারাজি আবেদন করেন তাঁর (বাবুল) আইনজীবী। গত বছরের ৩ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদেশে বিচারক বলেন, এ মামলায় (বাবুলের করা) একটি সফল তদন্ত হয়েছে, যার মাধ্যমে খুনের মোটিভ ও আসামি শনাক্ত হয়েছে। তদন্তে দুজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দুই সাক্ষীর ১৬৪ ধারার জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, কার্তুজসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ হয়েছে। একটি সফল তদন্তের পরিসমাপ্তি কেবল টেকনিক্যাল একটি তুচ্ছ কারণে ব্যর্থ করে দেওয়া উচিত হবে না; বরং এ মামলায় অধিকতর তদন্ত করে পুলিশ রিপোর্ট দাখিল করলে ন্যায়বিচার নিশ্চিত হবে। পরবর্তী আইনগত জটিলতা এড়ানো সম্ভব হবে। আদালতের এই আদেশের পর পিবিআই বাবুলের শ্বশুরের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
বাবুলের শ্বশুর মোশাররফ হোসেন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমি মামলার বাদী না থাকলে মেয়ে হত্যার বিচার কী করে পাব? পিবিআই আমার করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় নারাজি আবেদন করেছি। আদালত আবেদনটি খারিজ করায় এখন আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’