বাম গণতান্ত্রিক জোটের হরতালে হামলার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে ঢাকা, গাইবান্ধাসহ সারা দেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা–কর্মীদের বাধা ও হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শহরের রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি রেলগেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাসদের (মার্ক্সবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব, কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য গোলাম রব্বানী ও আসোয়াদ আলী, বাসদ (মার্ক্সবাদী) নেতা নিলুফার ইয়াসমিন, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) নেতা মৃণাল কান্তি বর্মন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের আগের দিন সন্ধ্যায় গাইবান্ধায় মিছিলে পুলিশ অযাচিতভাবে বাধা দেয়। সেখানে লাঠিপেটা করে তিন নেতাকে আটক করে পাঁচ ঘণ্টা পরে আবার ছেড়ে দেয়। সেই সঙ্গে সারা দেশে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা ও আটকের ঘটনা ঘটেছে, যা সরকারের ফ্যাসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান। গাইবান্ধায় হরতালের সমর্থনে অনুষ্ঠিত মিছিলের খবর সংগ্রহকালে ফটোসাংবাদিক আতাউল হকের ওপর পুলিশের হামলারও নিন্দা জানান এবং দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি করেন তাঁরা।