বাম্পার ফলন, দামও ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর হাটে চলছে পাটের বেচাকেনা
প্রথম আলো

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাটচাষিরা বাজারে এবার ভালো দাম পাচ্ছেন। কৃষকেরা বলেন, ফলন অনুযায়ী তাঁরা মণপ্রতি গড়ে দেড় হাজার টাকা লাভ করছেন। পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ার কারণে উৎপাদন ভালো হয়েছে। অন্যদিকে খাল-বিল ও ডোবায় পর্যাপ্ত পানি থাকায় পাট জাগ দিতেও তাঁদের অসুবিধায় পড়তে হয়নি।

গত বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের দুই ধারে জলাশয়ের পাশে জাগ দেওয়া পাটগাছ থেকে পাট ছাড়ানোর বিশাল কর্মযজ্ঞ চলছে। দেওয়ানগঞ্জ শহর থেকে ৩০ মিনিটের সময় পাড়ি দিয়ে ঝালুরচর পাটের হাটে যেতে হয়। যমুনা নদীর পাড়ে এই হাট বসে। অনেকে বিভিন্ন যানবাহনে, অনেকে আবার নৌকায় পাট বিক্রি করতে আসছেন। সবাই ব্যস্ত কেনাবেচায়। নদীর পাড়ে সারি সারি নৌকায় পাট

উপজেলার বাহাদুরাবাদ এলাকার পাটচাষি আবুল কালাম। তিনি প্রতিবছরই পাট চাষ করেন। অনেক সময় বন্যায় পাট নষ্ট হয়ে যায়। এবার ওই বন্যাও হয়নি, ফলন ভালো। তিনি বলেন, দুই বিঘা জমিতে পাট চাষ করেন। সবকিছু মিলে তাঁর ১৫ হাজার টাকা খরচ হয়েছিল। তিনি ১৮ মণ পাট পেয়েছেন। এসব পাট বিক্রি করতে নৌকায় করে এই হাটে আসছেন। ২ হাজার ৯০০ টাকা মণদরে পাট বিক্রি করেছেন। এতে তাঁর সব খরচ বাদ দিয়ে ৩৫ হাজার টাকা লাভ হয়েছে। প্রতি মণে ১ হাজার ৯০০ টাকার বেশি লাভ করেছেন।

ঝালুরচর হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি সোম ও বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন হাটটি বসে। এই হাটে দেওয়ানগঞ্জ উপজেলার ও পাশের গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার চাষিরা পাট বিক্রি করতে আসেন। প্রতি হাটে ৩০০ থেকে ৪০০ চাষি পাট বিক্রি করতে আসেন। প্রতি হাটবারে ২ হাজার থেকে ৩ হাজার মণ পাট বিক্রি হয়ে থাকে। প্রকারভেদে ২ হাজার ৮০০ থেকে ২ হাজার ৯০০ টাকায় পাটের মণ বিক্রি হচ্ছে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হরিচণ্ড গ্রামের চাষি মিজানুর রহমান। তিনি বলেন, এই হাটে পাটের ভালো দাম পাওয়া যায়। তাই তিনি এই হাটেই আসেন প্রতি মৌসুমে। এবার পাট বিক্রি করে তাঁর প্রায় ৩০ হাজার টাকা লাভ হয়েছে।

ঝালুরচর হাটের সাব–ইজারাদার মো. উজ্জ্বল মিয়া বলেন, এ মৌসুমে প্রতি হাটবারে ৪০ লাখ থেকে ৪৫ লাখ টাকার পাট বিক্রি হচ্ছে।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ সাহা বলেন, এই উপজেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বিনা মূল্যে চাষিদের বীজ ও সার দেওয়া হয়েছিল। ফলন ও হাটে দাম ভালো থাকায় কৃষকের লাভবান হচ্ছেন।