সরকারি ওষুধ চুরির অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাঁকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনা তদন্তে সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ভান্ডাররক্ষক রফিকুল ইসলাম বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকসহ বিপুল পরিমাণ সরকারি ওষুধ হাসপাতাল থেকে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন তরুণ দেখে ফেলেন। পরে ওই তরুণদের রফিকুল প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় কয়েকজন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে মুঠোফোনে জানিয়ে দেন। বুধবার সন্ধ্যায় রফিকুলের কাছ থেকে বেশ কিছু ওষুধ জব্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই দিন রাতে সিভিল সার্জন মো. সেলিম মিঞা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার বিকেলে ঘটনা তদন্তে সিভিল সার্জনের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাইকুল ইসলাম বলেন, ‘তদন্তের কাজ চলছে। আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়া যাবে।’
তবে ভান্ডাররক্ষক রফিকুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সরকারি ওষুধ চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো ওষুধ চুরি করিনি। সবই ষড়যন্ত্র, মিথ্যা ও সাজানো।’
এ বিষয়ে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বেশ কিছু ওষুধ স্টোরকিপার রফিকুলের কাছ থেকে জব্দ করা হয়েছে। ওষুধের স্টক মেলানো হচ্ছে। কোনো একজনের অপকর্মের দায়ে হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া যাবে না। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’