বারীর জন্য মায়ের আহাজারি থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলের কথা বলে বিলাপ করছেন আবদুল বারীর মা আলেয়া খাতুন। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়ছেন। আজ দুপুরে সিরাজগঞ্জ সদরের চণ্ডিদাসগাঁতী গ্রামে
ছবি: প্রথম আলো

‘আমার বারী ঢাকায় কষ্ট কইরা মেসে থাইক্যা চাকরি করছে। ও বারীরে, আমার বারীর বিয়ের কতা চলছিল। কারা কী উদ্দেশে আমার বুকের ধনরে মারল রে? আমার ছেলের তো কোনো শত্রু আছিল নারে।’ কাঁদতে কাঁদতে এভাবেই ছেলের কথা বলে বিলাপ করছিলেন বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজক (প্রডিউসার) আবদুল বারীর মা আলেয়া খাতুন। আজ বুধবার সকালে বারীর লাশ উদ্ধারের খবর পেয়ে ছেলের জন্য মায়ের আহাজারি যেন থামছে না। সেখানে সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়ছেন।

আরও পড়ুন

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টো দিকে সড়কের পাশ থেকে আজ সকালে আবদুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। দুপুরে আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে গিয়ে দেখা যায়, মাতম চলছে। আবদুল বারীকে হত্যার খবর পেয়ে তাঁর স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসী তাঁদের বাড়িতে ভিড় জমিয়েছেন। সবার চোখই ছিল অশ্রুসিক্ত। সেখানে আসা সবাই এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে বিভিন্ন গণমাধ্যমে আবদুল বারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁর বড় ভাই আবদুল আলীম ঢাকায় গেছেন। মরদেহ সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে আনা হবে।

মো. আবদুল বারী
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আবদুল বারীর বাবা মুদি দোকানি আবদুল্লাহ শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে অত্যন্ত সহজ– সরল। এমন সহজ-সরল ছেলেকে কারা, কী কারণে হত্যা করল? আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ তিনি জানান, টেলিভিশন চ্যানেলে সংবাদ পরিবেশন বা প্রচার নিয়ে আবদুল বারীর সঙ্গে ঢাকায় কারও কোনো ঝামেলা ছিল কি না, জানেন তা তিনি। কিন্তু সিরাজগঞ্জে তাঁর কোনো শত্রু ছিল না। এলাকায় আবদুল বারী ছিলেন সবার স্নেহভাজন।

গ্রামের সাদেকুল আলম বলেন, তিন বোন ও দুই ভাইয়ের সংসারে বারী খুবই আদরের ছিলেন। বড় ভাই আলীম বাবার সঙ্গে মুদি দোকান চালাতেন। বোনদের দুজনের সিরাজগঞ্জে আর একজনের ঢাকার উত্তরায় বিয়ে হয়েছে। অনেকটা কষ্ট ও সংগ্রাম করেই ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিউবিটি) থেকে প্রকৌশলে পড়াশোনা করেছেন বারী। তিনি ঢাকার মালিবাগ ওয়্যারলেস গেট এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন।