বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে আবার প্রথম সিলেট সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি করপোরেশন
ছবি: প্রথম আলো

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে আবার প্রথম স্থান অর্জন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০টি সরকারি দপ্তরের মধ্যে সিলেট সিটি করপোরেশন দ্বিতীয় স্থান অর্জন করেছে।

আজ বুধবার সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। আজ বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট সিটি করপোরেশনকে বিষয়টি জানানো হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলীম শাহ প্রথম আলোকে বলেন, গত বছরও একইভাবে সারা দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে সিলেট প্রথম হয়েছিল।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণগুলো মূল্যায়নে সিলেট সিটি করপোরেশন ১০০ নম্বরের মধ্যে ৯৭ দশমিক ১০ নম্বর পেয়েছে। এদিকে ১ নম্বরে থাকা সরকারি দপ্তর ঢাকা ওয়াসা পেয়েছে ৯৮ দশমিক ২৭ নম্বর। তবে গত বছর সারা দেশের সিটি করপোরেশনের মধ্যে প্রথম ও সরকারি দপ্তরের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা সিলেট সিটি করপোরেশনের প্রাপ্ত নম্বর ছিল ৯৮ দশমিক ৪০।

টানা দুই বছর এই সাফল্যকে সিলেট সিটি করপোরেশনের জন্য অনন্য এক অর্জন বলে মন্তব্য করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি নিরবচ্ছিন্ন সেবার ফসল, অনন্য এক অর্জন। পরপর দুইবার দেশসেরা হওয়ার পুরো কৃতিত্ব আমি নগরবাসীকে উৎসর্গ করলাম। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে সহযোগিতার আহ্বান থাকল।’