বালতির পানিতে ডুবে প্রাণ গেল ছোট্ট আদনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

এক বছরের শিশু জান্নাতুল আদনকে ঘরে রেখে বাড়ির কাজ করছিলেন মা পিংকি আকতার। এ সময় আদনের দাদি মাবিয়া খাতুনও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে উঠানে চলে যায় সে। এ সময় উঠানে রাখা বালতির পানিতে ডুবে মারা যায় শিশু আদন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এ দুর্ঘটনা ঘটেছে। মৃত আদন উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নেজাম শাহপাড়া এলাকার তাজুল ইসলামের মেয়ে। তাজুল ইসলাম পেশায় ট্রাকচালক।

আদনের চাচা তৈয়্যবুল ইসলাম বলেন, আদন তিন বোনের মধ্যে ছোট। আদনের বাবা প্রতিদিনের মতো সকালে কাজে বেরিয়েছেন। আদনকে ঘরে রেখে তার মা ও দাদি কাজ করছিলেন। কিছুক্ষণ পর তাঁরা আদনকে ঘরে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। পরে উঠানে রাখা পানিভর্তি বালতির মধ্যে থেকে আদনকে উদ্ধার করে রাঙামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার ২০ মিনিট আগে মারা গেছে আদন।