বালিয়াকান্দিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আশিক মণ্ডল (১৬) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের গঙ্গাচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত আশিক উপজেলার উত্তর বহরপুর গ্রামের আকমল মণ্ডলের ছেলে এবং বহরপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশিক তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে সোনারঘাট থেকে চন্দনা নদীর পাড় দিয়ে বহরপুরের উদ্দেশে যাচ্ছিল। আশিক মোটরসাইকেলে মাঝখানে বসা ছিল। পথে গঙ্গাচর নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আশিক গুরুতর আহত হয়। অন্য দুজনও আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। নিহতের বাবা বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।