বন্যার প্রভাব
বালুচাপা পড়া ধান খুঁড়ে বের করছেন চাষিরা
তিস্তা নদীর বিভিন্ন চরের শত শত কৃষকের হাজার একরের সোনালি ফসল নষ্ট হয়েছে এক দিনের হঠাৎ সৃষ্ট বন্যায়।
এবার বর্ষা চলে যাওয়ার পরে তিস্তায় জেগে উঠেছিল বড় বড় চর। বানে ভেসে যাওয়া খড়কুটো কুড়িয়ে নতুন করে ঘর বাঁধেন তিস্তাপারের মানুষেরা। বাঁচার তাগিদে চরের মাটিতে বিভিন্ন ফসলের চাষ করেন মাঠে পোড়া মানুষগুলো। মিষ্টিকুমড়া, বাদাম, আলু আর আমন ধানের চাষ হয় চরজুড়ে। সবুজে ভরে ওঠে তিস্তার চর।
সবুজ গাছে আধা পাকা ধান সোনালি রং ধারণ করেছিল। কিন্তু আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সেই ফসলের। এক দিনের বন্যায় সোনালি ধান বালুচাপা পড়ে আছে। গত মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামে শেখ হাসিনা সেতুর নিচে কৃষক মোফাজ্জল হোসেন (৩৩) চারজন শ্রমিক নিয়ে বালুতে চাপা পড়া সেই ধান টেনে বের করছিলেন। হতাশার ছাপ ছিল চোখেমুখে।
মোফাজ্জল হোসেন বলেন, ‘দিন দিন শুকি তিস্তা মরি যাবার নাগছিল। সেদিন যে (২০ অক্টোবর) কী হইল। আধা ঘণ্টাতে তিস্তা উচলি গেছিলো। মোর তিন একর জমির ধান অ্যালা বালুর তলোত পড়ছে। দেড় একর জমির কুমড়াখেত শ্যাষ। গতবার ধানের কাড়ি বেচে অনেক টাকা লাভ করছু। এবার ধানও গেল, কাড়িও গেল।’
শুধু মোফাজ্জল নয়, তিস্তার বিভিন্ন চরের শত শত কৃষকের হাজার একরের সোনালি ফসল নষ্ট হয়েছে এক দিনের হঠাৎ সৃষ্ট বন্যায়। গত ২০ অক্টোবর গজলডোবার সব দরজা খুলে দেওয়ায় ওই দিন তিস্তা ফুলেফেঁপে উঠেছিল। ২২ অক্টোবর কমে গেছে বন্যার পানি, ভেসে উঠেছে চর। চরজুড়ে কৃষকেরা এখন হাহাকার করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হঠাৎ সৃষ্ট বন্যায় গঙ্গাচড়ার ১ হাজার ৬৫৫ হেক্টর জমির আমন ধান, ৩০ হেক্টর জমির বাদাম, ১০ হেক্টর জমির আলু এবং ২৫ হেক্টর জমির কুমড়া খেত নষ্ট হয়ে গেছে।
কাঠফাটা রোদে পাঁচজন কৃষক নিয়ে বানে পচে যাওয়া আমন খেতের খড় সরাচ্ছিলেন শহিদুল ইসলাম (৩৫)। মাথার গামছা খুলে মুখের ঘাম মুছে শহিদুল বলতে থাকেন, ‘বানোত সউগ শ্যাষ হয়া গেইছে। আবাদ না করলে তো না খায়া মরির নাগবে। ওই জন্য জমিটা পরিষ্কার করোছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তাঁদের প্রণোদনা দেওয়া হবে।