বালুবাহী ট্রাকের চাপায় সাত বছরের শিশুর মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে মরজাল ইউনিয়নের কুমারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম বীণা আক্তার ফারিয়া (৭)। সে কিশোরগঞ্জের ভৈরবের মান্দাবাজ এলাকার মো. দ্বীন ইসলামের মেয়ে। বীণা বাক্প্রতিবন্ধী ছিল। সে রায়পুরার কুমারটেক এলাকায় নানির বাড়িতে বসবাস করত।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, সকালে বিনা তাঁর গ্রামের আরও দুই সমবয়সী বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। সকাল ১০টার দিকে স্থানীয় কাটাঘাট উচ্চবিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা ওই দুই শিশুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করেন।
মরজাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সানজিদা সুলতানা জানান, শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, তাঁরা বিষয়টি শুনেছেন। তবে কোনো অভিযোগ পুলিশকে দেওয়া হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।