বালুসন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার নদীতীরবর্তী কৃষিজমি রক্ষায় বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে নেমেছেন ১০ গ্রামের কৃষক। আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন দল-মতনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। গতকাল শুক্রবার এলাকাবাসী প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মধ্য দিয়ে আন্দোলনের সূচনা করেন।
ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও, শম্ভুপুরা, ইসলামপুর, এলাহীনগর, নবীনগর, ফতেপুরসহ ১০ গ্রামের মানুষের মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কয়েক শ বিঘা বোরো ধানের এবং রবিশস্যের তিন ফসলি জমির মাটি তিন মাস ধরে কেটে নিয়ে যাচ্ছে ওই এলাকার বালুসন্ত্রাসীরা।
গতকাল শুক্রবার শম্ভুপুরা এলাকায় গিয়ে দেখা যায়, ১০ গ্রামের মানুষ দল-মতনির্বিশেষে দড়িগাঁও গ্রামের পাশে মেঘনা নদীর তীরে জড়ো হয়েছেন। কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত শিক্ষিত এসব মানুষকে অনেক দিন পর এলাকায় দেখে কৃষকেরা আপ্লুত হয়ে পড়েন।
বেলা ১১টায় শুরু হয় বিক্ষোভ মিছিল। শম্ভুপুরা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে দড়িগাঁও গ্রামে গিয়ে শেষ হয়। এরপর মানববন্ধন করা হয়। সব শেষে প্রতিবাদ সভা হয়। সভায় বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অনেক কৃষক কান্নায় ভেঙে পড়েন।
অরাজনৈতিক সংগঠন ‘১০ গ্রাম’-এর সদস্যসচিব সামসুল আলম বলেন, ‘আমরা ১০ গ্রামের শিক্ষিত তরুণ থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যারা ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে চাকরি, ব্যবসা করছি, তাঁরা গ্রামের কৃষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। প্রয়োজনে আমরা জান দেব, তবু কৃষকদের জমির মাটি কাটতে দেব না।’
শম্ভুপুরা গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন ও দড়িগাঁও গ্রামের নূর হোসেন জানান, কৃষকেরা তাঁদের ফসলি জমি রক্ষার আন্দোলন শুরু করায় ইতিমধ্যে বালুসন্ত্রাসীরা ১৩ জন কৃষককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। কৃষকেরা বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলেও সন্ত্রাসীরা আওয়ামী লীগ-সমর্থক হওয়ায় পুলিশ তাঁদের মামলা নেয়নি। উল্টো কৃষকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বালুসন্ত্রাসীরা দুটি মামলা করেছে। হামলা-মামলা ও পুলিশের ভয়ে অনেক কৃষক এক মাস ধরে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
কৃষকেরা জানান, গত সপ্তাহে বালুসন্ত্রাসীরা ১০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে তিন দিন গ্রামবাসী বাড়িঘরে অবরুদ্ধ থাকে। এ ঘটনায় প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়ে প্রশাসনের। পরে প্রশাসনের হস্তক্ষেপে যানবাহন চলাচল শুরু হয়। সড়কপথে যানবাহন চলাচল শুরু হলেও বালুসন্ত্রাসীরা এখন নৌপথে গ্রামবাসীকে চলাচল করতে দিচ্ছে না। শম্ভুপুরা থেকে ট্রলারে করে যেসব লোক নারায়ণগঞ্জ শহরে যায়, সেসব ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে তারা।
ট্রলারের মাঝি আমিন উদ্দিন বলেন, ‘১০ গ্রামের মানুষকে ট্রলারে যাতায়াত করতে দেখলেই সন্ত্রাসীরা আমাদের মারধর করে। তাই এ পথে ট্রলার চলাচল এক সপ্তাহ ধরে বন্ধ রাখতে বাধ্য হয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের ভূঞা প্রথম আলোকে জানান, ‘ওই এলাকার কৃষকদের জমির মাটি কিছু প্রভাবশালী ব্যক্তি কেটে নিয়ে যাচ্ছে, এ অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে প্রমাণ পেয়েছি। কয়েক দিন ধরে মাটি কাটা বন্ধ রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’