বাল্কহেডে ধাক্কা দিয়ে ফাটল লঞ্চ, আতঙ্কে সাড়ে তিন শ যাত্রী নামলেন চরে
ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড (বালু বহনকারী বড় ট্রলার) ডুবে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাট থেকে সাড়ে তিন শ যাত্রী নিয়ে ফারহান-৭ নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় পৌঁছানোর পর লঞ্চটি বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা দেয়।
এতে বাল্কহেডটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে যায়। এ সময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে যাত্রীদের দাবির মুখে লঞ্চটি সারদল এলাকায় চরে ভিড়লে যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নেমে যান।
এ সময় স্থানীয় লোকজন ট্রলার নিয়ে মাঝনদীতে বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিককে নিরাপদে উদ্ধার করেন। ঘটনার পরপরই তুষখালী থেকে ঢাকাগামী পূবালী-৭ নামের একটি লঞ্চ দুর্ঘটনাস্থলে এলে কয়েকজন যাত্রী ওই লঞ্চে উঠে যান। তবে অনেক যাত্রীই এই ঘটনার পর তাঁদের যাত্রা স্থগিত করেছেন। খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, লঞ্চটি আপাতত মেরামত না করা পর্যন্ত সারদল এলাকায় সুগন্ধা নদীর তীরেই থাকবে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।