বাল্যবিবাহ আয়োজন, কনের বাবার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


সাতক্ষীরায় দেবহাটা উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে আজ বুধবার দশম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান জানান, আজ দুপুর দুইটার দিকে উপজেলা প্রশাসনে সংবাদ আসে দশম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পান।

এ সময় সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে তিন হাজার টাকা জরিমানা করেন। মেয়ের বাবা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে বরপক্ষ মাঝপথ থেকে ফিরে যায়।

সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম জানান, বাল্যবিবাহ একটি সামাজিক সমস্যা ও আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। সমাজ থেকে এই সামাজিক ব্যাধি দূর করতে তিনি সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।