বাল্যবিবাহ ও যৌতুককে 'না' বলল তিন হাজার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থী বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধের শপথ করে লাল কার্ড প্রদর্শন করেছে। এ সময় পাকুরিয়াকে বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।

গতকাল শনিবার দুপুরে ইউনিয়নটির নিজাম উদ্দিন আহম্মদ মডেল কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসপি মো. রফিকুল হাসান গণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুরিয়া ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শপথবাক্য পড়ান। জেলা প্রশাসকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে শিক্ষার্থীরা বলে, ‘১৮ বছরের আগে বিয়ে করব না, কাউকে করতে দেব না। যৌতুক দেব না, নেব না, মানব না। দেশ ও জাতির কল্যাণে কাজ করব, নিজেকে গড়ব, দেশের জন্য জীবন উৎসর্গ করব।’

শপথ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে লাল কার্ড বিতরণ হয়। কার্ডে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনবিরোধী হটলাইন নম্বর ‘১০৯’ এবং জেলা প্রশাসক ও এসপির মুঠোফোন নম্বর দেওয়া হয়। যেকোনো বাল্যবিবাহ ও যৌতুক বন্ধের ক্ষেত্রে এসব নম্বরে কল করে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে সহায়তা করতে বলা হয়। শিক্ষার্থীরা বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে এই কার্ড প্রদর্শন করে।

শেরপুরের নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ও পাকুরিয়া ইউপি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত দিন জীবন বাঁচান, আসল কাজ ও বাংলার মুখ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. হায়দার আলী পাকুরিয়া ইউনিয়নকে বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত ঘোষণা করেন। তিনি বলেন, এখন থেকে এ ইউনিয়নে কোনো বাল্যবিবাহ এবং যৌতুকের লেনদেন হবে না। এ-সংক্রান্ত কোনো সংবাদ পেলে যাঁরা জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। কেউ বাল্যবিবাহের সংবাদ মুঠোফোনে বা সরাসরি জানালে তাঁকে নগদ ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। কোনো মেয়ে তার বাল্যবিবাহের সংবাদ জানালে, তার লেখাপড়ার খরচ তিনি নিজে বহন করবেন।

মো. রফিকুল হাসান গণি শিক্ষার্থীদের বলেন, ‘১৮ বছরের আগে তোমরা বিয়ের কথা চিন্তাও করবে না। তোমরা লেখাপড়া করে নিজেদের যোগ্য করে তোলো। পরিবারের পক্ষ থেকে কেউ বাল্যবিবাহের জন্য চাপ দিলে আমাদের জানাবে, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’