ধর্মপাশার প্রথম নারী চেয়ারম্যানের সাক্ষাৎকার
বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলব
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নাম নাসরিন সুলতানা ওরফে দিপা। তিনি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথম আলো কথা বলেছে তাঁর সঙ্গে।
প্রশ্ন :
প্রথম আলো: ধর্মপাশা উপজেলার প্রথম নারী ইউপি চেয়ারম্যান আপনি। কেমন লাগছে?
নাসরিন সুলতানা: আমি খুবই আনন্দিত। আসলে নারী–পুরুষ বলে আলাদা কোনো শব্দ জনগণের কাছে নেই। চেয়ারম্যান পদে আমার ইউনিয়নে আমরা ছয় প্রার্থী অংশ নিয়েছিলাম। জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।
প্রশ্ন :
প্রথম আলো: জনগণ চেয়ারম্যান পদে আপনাকেই বেছে নিলেন কেন?
নাসরিন সুলতানা: আমার বাবা প্রয়াত গিয়াস উদ্দিন চৌধুরী ও আমার নানা প্রয়াত মনির উদ্দিন চৌধুরী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁরা এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে ছিলেন। আমিও তাঁদের উত্তরসূরি হিসেবে এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে থাকব, সেই বিশ্বাস থেকে জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এটি হাওরবেষ্টিত উপজেলা। ২০১৭ সালের অকাল বন্যায় এখানকার হাওরের ফসলডুবির ঘটনা ঘটে। কৃষকেরা দিশেহারা হয়ে পড়েন। সরকার কৃষকদের চাল, টাকাসহ নানাভাবে সহায়তা করেছে। আমি আমার সাধ্যমতো সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ছিলাম। করোনা মহামারির সময়ও আমি এলাকার দরিদ্র মানুষের পাশে থেকেছি। এসব কারণে জনগণ তাঁদের হৃদয়ে আমাকে স্থান দিয়েছেন।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি তো পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হলেন। ইউনিয়নবাসীর জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
নাসরিন সুলতানা: প্রথমত আমার ইউনিয়নকে মাদক, বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এখানকার নারীরা শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে। এলাকায় শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসার বিষয়টাকে গুরুত্ব দেব।
প্রশ্ন :
প্রথম আলো: আপনি তো সুনামগঞ্জ জেলা মহিলা লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। পরিবার নিয়ে সুনামগঞ্জ শহরে থাকেন। ইউপি চেয়ারম্যান হিসেবে ইউনিয়নবাসীকে কীভাবে সেবা দেবেন?
নাসরিন সুলতানা: ইউনিয়নবাসীর পাশে থাকার মানসিকতা নিয়েই নির্বাচন করেছি। নির্বাচিত হয়েছি। এখন থেকে আমার গ্রামের বাড়িতে থেকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব।