বাল্যবিবাহ, জরিমানা নিয়ে বরকে ফেরত পাঠানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন পণ্ড করেছে প্রশাসন। বরের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে বিয়ের আসর থেকে ফেরত পাঠান ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।

গ্রামবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কিশোরীদের বাড়ি নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের একটি গ্রামে। বরের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলায়। কিশোরীর মা ও বর একই পোশাক কারখানার কর্মী। সম্প্রতি বর ওই নারী কর্মীর কিশোরী মেয়েকে দেখে পছন্দ করলে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটির মা ওই প্রস্তাবে রাজি হয়ে আজ বিয়ের আয়োজন করেন। আজ সকালে বরপক্ষ কনের বাড়িতে আসে।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন বিয়ের আসরে গিয়ে হাজির হন। পরে জিজ্ঞাসাবাদে কনের মা–বাবা জানান, মেয়ের বয়স ১৫ বছর। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে কিশোরীর বাবা ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়ে ছাড়া পান। বর যে গাড়ি করে বিয়ে করতে এসেছিলেন, তাঁকে সেই গাড়িতে করেই ফেরত পাঠানোর নির্দেশ দেন আদালত।