বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে জীবন বিসর্জন দিয়েছে নওগাঁর ধামইরহাট উপজেলার অষ্টম শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন (১৩)। গতকাল বুধবার সকাল আটটার দিকে উপজেলার বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মাহুতি দেওয়া আফরোজা চণ্ডীপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। সে নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। আফরোজা পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে।
এলাকার কয়েকজন জানান, আফরোজা গতকাল সকালে পরিবারের লোকজনকে ভাত খাইয়ে স্কুলে যাওয়ার কথা বললেও সে স্কুলে যায়নি। সকাল আটটার দিকে নিজের শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে আফরোজা। এ সময় তার চিৎকারে দ্রুত ঘরে ঢুকে আফরোজার গলা থেকে ফাঁস খুলে দেন তার নানি খোতেজা বেগম। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আফরোজার নানা মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন বলেন, ‘আমার মেয়ে ও জামাই ঢাকায় চাকরি করে। নাতনি আফরোজা আমার বাড়ি থেকে পড়াশোনা করছিল। তিন দিন আগে নাতনি স্কুলে যাওয়ার পথে তাকে দেখে দুজন ছেলে বিয়ের প্রস্তাব দেয়। এ নিয়ে কথা হচ্ছিল।’ ময়েজ উদ্দিন আরও বলেন, ‘আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছি আমার নাতিন পড়াশোনা করছে। তার বিয়ের সময় হয়নি। এ খবর আফরোজা জানতে পেরে আশঙ্কা করে তার অসম্মতিতেই তাকে বিয়ে দেওয়া হবে। এই আশঙ্কায় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
তবে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গতকাল রাত আটটার দিকে বলেন, ‘কয়েক দিন ধরে স্কুলে না যাওয়ায় আফরোজাকে তার নানা সকালে বকাঝকা করেন। অভিমানে সে আত্মহত্যা করে। অন্য কোনো বিষয় আমার জানা নেই।’ লাশটি থানায় রয়েছে বলে তিনি জানান।