বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। আজ শনিবার তার সঙ্গে ২৬ বছর বয়সী এক যুবকের বিয়ের কথা ছিল। আজ দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
আবদুল হান্নান নামের ওই যুবকের বাড়ি উপজেলার পানিশ্বর ইউনিয়নে। পেশায় তিনি ওষুধ প্রস্তুতকারী একটি শিল্পপ্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন উভয় পরিবারের লোকজন। শতাধিক লোকের খাবারের আয়োজন ছিল প্রস্তুত। দু-একজন খাবারের টেবিলেই ছিলেন। মেয়েকেও কনের সাজে প্রস্তুত রাখা হয়েছিল। বরযাত্রীবাহী গাড়ি ছিল কনের বাড়িতে আগমনের অপেক্ষায়। তখনই বাদ সাধে উপজেলা প্রশাসন। কারণ পাত্রের বয়স ২৬ হলেও কনের বয়স মাত্র সাড়ে ১৫ বছর।
এলাকার বাসিন্দারা জানান, বেলা দেড়টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওয়াড়া গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল। প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীবাহী গাড়ি গ্রামে প্রবেশ করেনি। বিয়েবাড়ির লোকজনও এক এক করে গা–ঢাকা দেন। পরে ইউএনও আরিফুল হক কনের বাবাকে তাঁর সঙ্গে কার্যালয়ে নিয়ে যান। সেখানে তিনি মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে একটি মুচলেকা দেন। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই শিক্ষার্থীর বাবা তাঁর মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।