বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চার ছাত্রী, অভিভাবকদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই দিনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চার কিশোরী। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কনের বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।

গতকাল বিকেল পাঁচটায় প্রথমে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি এলাকায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৩) বিয়ের আয়োজন বন্ধ করা হয়। এরপর পর্যায়ক্রমে রাত আটটায় বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া মহল্লায় অষ্টম শ্রেণির দুই ছাত্রী (১৪) এবং রাত ১০টায় পৌরসভার চালা পূর্বপাড়া মহল্লায় দশম শ্রেণির ছাত্রীর (১৫) বাল্যবিবাহ বন্ধ করা হয়। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাল্যবিবাহ বিবেচনায় বিয়েগুলো বন্ধ করে অভিভাবকদের জরিমানা করা হয়েছে।

ইউএনও আনিসুর রহমান প্রথম আলোকে জানান, বাল্যবিবাহ দেওয়ার কারণে কিশোরীদের অভিভাবকদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কনের বাবাদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে তাঁরা তাঁদের ভুল বুঝতে পারেন। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানকে বিবাহ দেবেন না এই মর্মে অভিভাবকেরা মুচলেকাও দিয়েছেন।

এদিকে বাল্যবিবাহগুলো বন্ধ করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেছেন বলে জানান ইউএনও আনিসুর রহমান।