বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ
প্রতীকী ছবি

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের দণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া।

গত রোববার রাতে আটপাড়ায় সুলতানা রাজিয়া তাঁর নিজ কার্যালয়ে ওই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে শিশু দুটিকে গাজীপুরে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক–বালিকা) পাঠানোর নির্দেশ দেন। শিশু দুটি গতকাল মঙ্গলবার পর্যন্ত নেত্রকোনা জেলা কারাগারে ছিল।

একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দণ্ডাদেশ দেশে প্রচলিত শিশু আইন ২০১৩ এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। সম্প্রতি এক রায়ে উচ্চ আদালত বলেছেন, শিশু-সম্পর্কিত সব অপরাধের বিচার শুধু শিশু আইনে প্রতিষ্ঠিত আদালতেই হবে।

জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রাসেল আহম্মদ প্রথম আলোকে বলেন, শিশু–সম্পর্কিত কোনো ঘটনা বা অপরাধের বিচার একমাত্র শিশু আদালতের এখতিয়ার রয়েছে। এতে ভ্রাম্যমাণ আদালতের কোনো এখতিয়ার নেই। ভ্রাম্যমাণ আদালত যে আটকাদেশ দিয়েছেন, তা আইনের দৃষ্টিতে ত্রুটিপূর্ণ।

ভ্রাম্যমাণ আদালতের এমন রায়ে শিশু দুটির পরিবার, আইনজীবী ও সচেতন মহলে প্রতিক্রিয়া দেখা গেছে। শিশু দুটির বাড়ি আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নে। তাঁদের মধ্যে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির বয়স ১৫ বছর (জেএসসির নিবন্ধন কার্ড অনুযায়ী)। ছেলেটিও সমবয়সী।

পারিবারিক সূত্রে জানা গেছে, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রায় দুই বছর ধরে তারা দুজন লেখাপড়ার পাশাপাশি ঢাকায় তৈরি পোশাক কারখানায় চাকরি নেয়। এ সময় উভয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মেয়েটি ছেলেটিকে বিয়ে করার জন্য চাপ দেয়। কিন্তু ছেলেটি তা প্রত্যাখ্যান করে। গত ঈদুল আজহায় তারা গ্রামের বাড়িতে আসে। এরপর বিয়ের দাবিতে মেয়েটি গত সপ্তাহে বুধবার রাত থেকে ছেলের বাড়িতে অবস্থান নেয়। নিরূপায় হয়ে গত রোববার সন্ধ্যায় উভয় পরিবার তাদের বিয়ের আয়োজন করে। বাল্যবিবাহের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া সেখানে পুলিশ পাঠান। এরপর দুজনকে তাঁর কার্যালয়ে এনে রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসান। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী, দুজনকেই এক মাসের জন্য আটকাদেশ দিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

জানতে চাইলে এসি ল্যান্ড সুলতানা রাজিয়া গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৭ (২) ধারায় এ আটকাদেশ দিয়ে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ অপর এক প্রশ্নের জবাবে এসি ল্যান্ড বলেন, ‘বিষয়টি এডিএম (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) স্যারের সঙ্গে কথা বলে আপনাকে জানাব।’ এরপর যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, মোবাইল কোর্ট আইনে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক কোনো দণ্ডাদেশ প্রদান করা হলে সংক্ষুব্ধ ব্যক্তি বা তার পক্ষের কেউ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারেন। আবেদন করা হলে জেলা ম্যজিস্ট্রেট ওই দণ্ডাদেশের যথার্থতা নিরূপণ করে ওই শাস্তি মওকুফ করতেও পারেন।

নেত্রকোনা জেল সুপার মো. আবদুল কুদ্দুস গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ওই শিশুদের জেলা কারাগারে রাখা হয়েছে। তাদের দ্রুত গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।