‘বাল্যবিবাহমুক্ত’ সখীপুরে এক সপ্তাহে দুটি বাল্যবিবাহ
টাঙ্গাইলের ‘বাল্যবিবাহমুক্ত’ সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের একটি গ্রামে এক সপ্তাহের ব্যবধানে দুই স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
কালিয়া ইউপির চেয়ারম্যান কামরুল হাসান দুপুরে নোটিশটি পেয়েছেন। বাল্যবিবাহমুক্ত উপজেলায় এ ঘটনা কীভাবে ঘটল, নোটিশে তার জবাব চাওয়া হয়েছে। এ জন্য চেয়ারম্যানকে তিন কার্যদিবস সময় দিয়েছেন ইউএনও আসমাউল হুসনা।
সখীপুরকে আগেই বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে ওই দুটি বিয়ে কীভাবে হলো, তাঁর ব্যাখ্যা চেয়ে ইউপি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।আসমাউল হুসনা, ইউএনও, সখীপুর, টাঙ্গাইল
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘বাল্যবিবাহ কখনো ঘটা করে হয় না, গোপনেই হয়। কেউ মেয়েকে গোপনে বিয়ে দিলে সে দায় তো আমার না। আমিও সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেব।’
ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান ফকির বলেন, ওই দুটি বাল্যবিবাহ সম্পর্কে তিনি কিছু জানতেন না। তবে খোঁজ নিয়ে তিনি ঘটনার সত্যতা খুঁজে পেয়েছেন। প্রশাসনের কঠোরতার কারণে বিয়ে দুটি গোপনে হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ওই দুই ছাত্রীর বাড়ি বিন্নরীপাড়া গ্রামে। তারা বড়চওনা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ১৫ ও ২৩ আগস্ট তাদের বিয়ে হয়। পাশের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) নুরুজ্জামান বিয়ে দুটি নিবন্ধন করেন।
তবে কাজি নুরুজ্জামান বিয়ে দুটি নিবন্ধনের বিষয়টি অস্বীকার করেছেন।
জানতে চাইলে ইউএনও আসমাউল হুসনা বলেন, সখীপুরকে আগেই বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে ওই দুটি বিয়ে কীভাবে হলো, তাঁর ব্যাখ্যা চেয়ে ইউপি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। ওই কাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভালুকার ইউএনওকে জানানো হয়েছে।