বাল্যবিবাহের অনুষ্ঠান থেকে পালালেন বরসহ অভিভাবকেরা
প্রশাসনের অভিযানের খবর পেয়ে বরিশালের গৌরনদী উপজেলায় বাল্যবিবাহের অনুষ্ঠান থেকে পালিয়ে গেছেন বর ও তাঁর অভিভাবকেরা। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে কনের বাড়িতে অতিথি আপ্যায়নের প্যান্ডেল সাজানো হয়েছে। সুসজ্জিত গেটও করা হয়েছে। বরপক্ষও চলে এসেছে। নির্ধারিত স্থানে বসে আছেন বর। নিকাহ রেজিস্ট্রারের অপেক্ষায় সবাই। এমন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযানে এলে বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যান বরসহ অন্যরা।
বাটাজোর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল শেখ বলেন, কনের বাবাকে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। প্রশাসনের অভিযানের সময় বরপক্ষ পালিয়ে গেছে। পরে অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুত করা খাবার এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ ঘটনায় ভুল স্বীকার করেছেন কনের বাবা। তিনি বলেন, তাঁর মেয়ে (১৬) এসএসসি পরীক্ষার্থী। এ বিয়ে বন্ধ হওয়ায় তাঁর মেয়ে খুশি হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সব ধরনের কঠোরতা অবলম্বন করা হবে। এ বিষয়ে জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে আরও সচেতন হতে হবে।