বাল্যবিবাহের পর নির্যাতন, শেষে না-ফেরার দেশে
বর বিদেশফেরত। হাতে কড়কড়ে টাকা। মেয়ে সুখে-শান্তিতে থাকবে। মাতবরদের চাপাচাপিতে শেষ পর্যন্ত ১১ বছর বয়সী মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বাবা। পড়ায় ব্যাঘাত ঘটবে; তাই বাদ সাধে খোদ পাত্রী। সেই বাধা কেউ মানেনি। যথারীতি শ্বশুরবাড়ি যেতে হয় মেয়েটিকে। শুরু হয় স্বামীর পাশবিক নির্যাতন। সইতে না পেরে বিষপান করে বসে অভিমানী। হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সঙ্গে যুঝতে যুঝতে তিন দিন পর গত বৃহস্পতিবার রাতে চলে যায় সে না-ফেরার দেশে।
ঘটনাটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভেঁপড়া গ্রামের। বাল্যবিবাহের কাছে পরাস্ত ছোট্ট মেয়েটির নাম ফাতেমা খাতুন। পঞ্চম শ্রেণিতে পড়ত সে।
৫ জুলাই ফাতেমার বিয়ের আয়োজন করা হয়। বর একই গ্রামের তোতা মিয়া (২৩)। বিয়ের পর কনেকে তুলে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ি। অপ্রাপ্ত বয়সে শারীরিক সম্পর্ক স্থাপনের নামে চলে নির্যাতন। অসুস্থ হয়ে পড়ে ফাতেমা। স্থানীয়ভাবে চিকিৎসাও দেওয়া হয়। শারীরিক নির্যাতন সইতে না পেরে বিয়ের ১৬ দিনের মাথায় ২১ জুলাই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায় সে। সঙ্গে সঙ্গে তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় সে।
ভেঁপড়া গ্রামের ছয়-সাত ব্যক্তি জানিয়েছেন, ফাতেমা পাশের শিবগঞ্জ উপজেলার পীরব এলাকায় নানার বাড়ি থাকত। সেখানে থেকে সে স্থানীয় বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করত। বিদেশ-ফেরত তোতা মিয়ার টাকাপয়সার লোভ দেখিয়ে জিয়ানগর ইউপির সদস্য মুক্তার হোসেনসহ মাতবরেরা বিয়েতে রাজি হতে হামিদুলকে বাধ্য করেন। ৫ জুলাই অনেকটা গোপনে বিয়ে হয়। স্বামীর ঘরে গিয়ে ফাতেমা অসুস্থ হয়ে ১৯ জুলাই বাবার বাড়ি ফিরে আসে। আর স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক রাখতে পারবে না জানালে মুক্তার হোসেন সালিস ডাকেন। সালিসে ফাতেমাকে তার ইচ্ছার বিরুদ্ধে আবার স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এর দুদিন পর ফাতেমা স্বামীর বাড়িতে বিষপান করে।
ফাতেমার বাবা হামিদুল হক বলেন, ‘এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে রাজি ছিলাম না। কিন্তু মেম্বার-মাতব্বরদের জিদে শেষ পর্যন্ত বিয়ে দিই। সেটায় কাল হলো।’