নবাবগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বান্দুরা সড়কের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাটির চালক আবদুল খালেদ (২৬), অটোরিকশার যাত্রী জোসেফ বিপুল গমেজ (৪১) ও তাঁর স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ। নিহত চালক আবদুল খালেদের বাড়ি ভোলা জেলার লালমোহন গ্রামে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আর নিহত গমেজ দম্পতির বাড়ি নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুলতাল গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, এন মল্লিক পরিবহনের বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৬৪২০) বান্দুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রিজের ঢালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আবদুল খালেদ ও যাত্রী জোসেফ বিপুল গমেজ নিহত হন। অটোরিকশার আরেক যাত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজকে আহত অবস্থায় এলাকাবাসীরা উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।