বাস থেকে বিদেশি মদের চালান জব্দ, গ্রেপ্তার এক
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে বিদেশি মদের একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথপুর থানার পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক (আব্দুস সামাদ আজাদ সড়ক) হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।
ওই বাসে মাদক চালান হচ্ছে—এমন সংবাদ পেয়ে পুলিশ হবিবনগর এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি চালায়। পরে ৪৪ বোতল হুইস্কি, ১০ বোতল ভদকাসহ ৫৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
মদের চালানের সঙ্গে জড়িত অভিযোগে আটক ৩৮ বছর বয়সী ফুল মিয়া ইকবালনগর এলাকার হাসমত আলীর ছেলে। পরে তাঁকে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমরা মাদকের চালানটি জব্দ করেছি। মাদক পাচারকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’