বাস বন্ধ থাকায় পরীক্ষার কেন্দ্রে যেতে ভোগান্তি চাকরিপ্রত্যাশীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহন ধর্মঘটের কারণে টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। শুক্রবার দুপুরে কুমিল্লার শাসনগাছায়
ছবি: প্রথম আলো

কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার বাসিন্দা নাজমুল হাসান ও বিষ্ণুপুর এলাকার নজরুল ইসলামের বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বেলা তিনটায়। পরীক্ষার কেন্দ্র ঢাকায়। শুক্রবার সকাল ৯টায় ঢাকায় যাওয়ার উদ্দেশে কুমিল্লা নগরের শাসনগাছা বাস টার্মিনালে গিয়ে দেখতে পান সব ধরনের রুটের বাস চলাচল বন্ধ।

নানাভাবে চেষ্টা করেও সকালে ঢাকায় যাওয়ার পরিবহন পাচ্ছিলেন না নাজমুল ও নজরুল। অনেক যাত্রী শাসনগাছা বাস টার্মিনালে গিয়ে ফেরত আসেন। কেউ ভেঙে ভেঙে বিভিন্ন বাহনে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা থেকে কোনো রুটে বাস চলাচল করছে না। সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

সকাল ৯টার দিকে শাসনগাছা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনালে সারিবদ্ধভাবে বাসগুলো ঠায় দাঁড়িয়ে আছে। পরিবহনশ্রমিকের সংখ্যাও কম। সড়ক তিন চাকার বাহনের দখলে। একই অবস্থা নগরের জাঙ্গালিয়া বাস টার্মিনালে। সেখানেও সড়ক ফাঁকা। কোনো বাস চলছে না। সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় মহাসড়কও ফাঁকা দেখা যায়।

চকবাজার বাস টার্মিনালে কথা হয় নগরের সুজানগর এলাকার বাসিন্দা সাইফুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ফেনী যাবেন, কিন্তু বাস চলছে না। তাই সিদ্ধান্ত নিয়েছেন সিএনজিচালিত অটোরিকশায় করে সুয়াগাজী যাবেন। এরপর অন্য বাহন ধরবেন।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কবির আহমেদ বলেছেন, গত বুধবার রাত ১২টা থেকে হঠাৎ করেই প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা করে বাড়ানো হয়েছে। ৬৫ টাকা লিটারের ডিজেল বর্তমানে ৮০ টাকা। এতে বাস চালানো কষ্টসাধ্য। বর্তমানে বাসের টায়ার, যন্ত্রপাতি, উপকরণের দামও বেশি। করও দ্বিগুণ বাড়ানো হয়েছে। এই অবস্থায় সরকারকে বাসভাড়া বাড়াতে হবে। না হলে ডিজেলের দাম আগের অবস্থায় আনতে হবে।

কবির আহমেদ বলেন, তাঁদের দাবি মানলেই ধর্মঘট তুলে নেওয়া হবে। তা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে।