বাস–অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের
সিলেটের কানাইঘাটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া আহমদ (১৭) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে হিফজ বিভাগ শেষ করে সিলেটের একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। নিহত জাকারিয়া আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন্দ গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে।
গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী একটি বাস ও জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অটোরিকশা কানাইঘাটের বাজার এলাকার ব্রিজের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাকারিয়া গুরুতর আহত হয়। পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত জাকরিয়া আহমদের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আজ রোববার লাশের ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহত ছাত্রের পরিবার থানায় অভিযোগ দেবে বলে জানিয়েছে।