বাসচাপায় ঋণদান সংস্থার দুই মাঠ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে। আজ সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পূর্ব বেগুনবাড়ি এলাকায়
ছবি: মজিবর রহমান খান

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বাসের চাপায় একটি ঋণদান সংস্থার দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পূর্ব বেগুনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নখাপাড়া এলাকার সাহাদাত হোসেন (২৬) ও মানকিয়াপাড়ার সনজিত রায় (৩০)। তাঁরা দুজন বীরগঞ্জের শিবরামপুর এলাকার ঋণদান সংস্থা পল্লী সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ব বেগুনবাড়ী এলাকার কৃষক আনোয়ার হোসেন ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পশ্চিম পাশের ধানখেতে কিটনাশক ছিটাচ্ছিলেন। তিনি বলেন, ‘যাত্রীবাহী দুটি বাসা বেপরোয়াভাবে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। সে সময় প্রচণ্ড শব্দ হয়। আমরা ছুটে এসে দেখি, নদীর ঢালে দুই ব্যক্তির লাশ পড়ে আছে। পাশেই দুটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে আছে। পরে এক নারী ঘটনাস্থলে এসে লাশ দুটি পল্লী সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির মাঠ কর্মকর্তা সাহাদাত হোসেন ও সনজিত রায়ের বলে শনাক্ত করেন।’

পল্লী সেবা কৃষি উন্নয়ন সমবায় সমিতির শাখা ব্যবস্থাপক পারুল খাতুন প্রথম আলোকে বলেন, ওই দুই মাঠ কর্মকর্তাসহ তিনি তিনটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের খোঁচাবাড়ি থেকে সকাল সাড়ে নয়টার দিকে বীরগঞ্জের কবিরাজ হাটের উদ্দেশে রওনা হন। তিনি ওই দুজনের চেয়ে এগিয়ে গিয়েছিলেন। পথে ২৯ মাইল এলাকা থেকে তাঁদের এক সদস্য তাঁকে মুঠোফোনে সাহাদাত ও সনজিতের সড়ক দুর্ঘটনার কথা জানান।
খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আজ দুপুর ১২টার দিকে দুজনের লাশ উদ্ধার করে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস বিভাগের পরিদর্শক সারোয়ার হোসেন জানান, মোটরসাইকেল দুটি ও এর আরোহীদের অবস্থা দেখে মনে হচ্ছে যে বাস তাঁদের চাপা দিয়েছে।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালকেরা বাস দুটি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।