বাসচাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহতের ঘটনায় গ্রেপ্তার ১
রাজধানীর গুলশানের নদ্দা ফুটওভার ব্রিজের কাছে গাড়ির চাপায় ৭১ টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধরের (৩৫) নিহতের ঘটনায় যাত্রীবাহী বাসচালকের সহকারীকে (হেলপার) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে নলছিটি থানার পুলিশ।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. মামুন হাওলাদার। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মাধবপাশা গ্রামের মো. দেলোয়ার হাওলাদারের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার।
২৭ জানুয়ারি বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর নদ্দা ফুটওভার ব্রিজের কাছে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপাল সূত্রধরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে ওই বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। আহত গোপালকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর গাড়িচালক ও তাঁর সহকারী পালিয়ে যান। তবে গুলশান থানা-পুলিশ গাড়িটি জব্দ করে।