বাসচালককে গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মসিউর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বাসচালককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র তন্ময় বসু, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মসিউর রহমানের অকালমৃত্যুর ঘটনার বিচার ও নিরাপদ সড়কের দাবিও জানান।
প্রসঙ্গত, ১৩ অক্টোবর সন্ধ্যায় পিরোজপুর থেকে স্ত্রী ও ছেলেকে নিয়ে ইজিবাইকে করে গোপালগঞ্জে যাচ্ছিলেন মসিউর রহমান। এ সময় ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন ইজিবাইকচালকসহ মসিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তান। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মসিউর রহমান ও ইজিবাইকচালককে মৃত ঘোষণা করেন। এ ছাড়া তাঁর স্ত্রী ও সন্তানকে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। বতর্মানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় মসিউর রহমানের বাবা মজিবুর রহমান ১৬ অক্টোবর পিরোজপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।