ব্যাটারিচারিত রিকশা ছাড়িয়ে নিতে সিলেট সিটি করপোরেশনের সামনে সমাবেশ থেকে নগর ভবনে হামলার অভিযোগে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩ নেতা, রিকশাচালকসহ ৩০০ জনের নামে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ মামলার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের লাইসেন্স শাখার কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাদী হয়ে গতকাল বুধবার রাতে লিখিত অভিযোগ দেন। রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে বাসদ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উপদেষ্টা প্রণবজ্যোতি পাল, বাসদের সমন্বয়ক আবু জাফর, জেলা বাসদের সদস্য জুবায়ের আহমদ চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি ব্যক্তিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
লকডাউনের সময় নগরীতে ব্যাটারিচালিত অবৈধ রিকশা চলাচল বেড়ে যাওয়ায় গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান শুরু করে সিটি করপোরেশন। ৫০টি রিকশা জব্দ করে নগর ভবনে রাখা হয়। এই রিকশা ছাড়িয়ে নিতে দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় বাসদের শ্রমিক সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ব্যানারে একটি মিছিল হয়। বেলা আড়াইটার দিকে মিছিলটি সিটি করপোরেশনের সামনে গিয়ে রাস্তায় বসে সমাবেশ করতে চাইলে নগর ভবন থেকে কর্মচারীরা বাধা দেন। এরপর দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় নগর ভবনে থাকা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ব্যাটারিচালিত রিকশা অনুমোদনহীন। অবৈধ এই রিকশা অবাধে নগরে চলাচল করছে। নানা দুর্ঘটনাও ঘটছে। অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে সিটি করপোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি রিকশা জব্দ করা হয়। আমি ব্যাটারি ও মোটর খুলে রেখে রিকশার মালিকদের কাছে ফেরত দেওয়ার কথা বলেছি। শ্রমিকদের কথা চিন্তা করে জব্দ করা রিকশার কাগজপত্র দেখিয়ে এ নির্দেশনা কার্যকরের কথা বলেছি। কিন্তু মালিকেরা শ্রমিকদের উসকে দিয়ে জোর করে রিকশা ছিনিয়ে নিতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।’
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুল আলীম শাহ বলেন, রিকশাচালকদের ইটপাটকেলে নগর ভবনে থাকা পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নগর ভবনে বিকেল চারটায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে জরুরি সভা করেন মেয়র। সভায় নগর ভবনে অতর্কিত হামলার তীব্র নিন্দা জানানো হয়। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে।
ঘটনার পর শ্রমিক ফ্রন্ট সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করে, আম্বরখানা পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা বিক্ষোভ মিছিল করে সিটি পয়েন্টে বসে পুলিশ সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। এ সময় নগর ভবন থেকে লাঠিসোঁটা হাতে কর্মচারীরা অবস্থান নেন। একপর্যায়ে ইটপাথর মারলে শ্রমিকেরাও পাল্টা ঢিল ছোড়েন। পরে সিটি করপোরেশনের কর্মচারীরা হেলমেট পরে বাঁশ, লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সিটি করপোরেশনের প্রধান ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন। হামলায় শ্রমিক ফ্রন্টের নেতাসহ ৪০ জন রিকশাশ্রমিক আহত হয়েছেন।
ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে স্মারকলিপি দিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন হয়েছে। ইতিমধ্যে রাজশাহী সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ অনেক জায়গায় স্থানীয় কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশার চলাচলের অনুমতি দিয়েছে। যে ব্যাটারিচালিত রিকশাকে অবৈধ বলে সিলেট সিটি করপোরেশন জব্দ করেছে, সেই ব্যাটারিচালিত রিকশা যেসব প্রতিষ্ঠান তৈরি করছে বা বিক্রি করছে, তাদের কেন বিক্রি করার লাইসেন্স দিচ্ছেন, সিলেট সিটি মেয়রের কাছে এ প্রশ্ন করেন বাসদের সমন্বয়ক আবু জাফর।