বাসা থেকে আসা দুর্গন্ধ জানিয়ে দিল নিঃসঙ্গ বৃদ্ধ মারা গেছেন
বাসায় কোনো স্বজন থাকেন না। দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। স্ত্রী মারা গেছেন অনেক আগেই। নিজের চারতলা বাসার চতুর্থতলায় একাই থাকতেন ৮০ বছর বয়সী আলফাজ উদ্দিন।
আজ বুধবার সকালে বাসা থেকে দুর্গন্ধ ছড়ানোর পর ভাড়াটে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে দরজা ভেঙে আলফাজের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
রাজশাহী নগরের আলুপট্টি শেখেরচক এলাকায় নিজের চারতলাবিশিষ্ট ভবনের বাসায় একাই থাকতেন আলফাজ। ব্যক্তিজীবনে তিনি আলোকচিত্রী ছিলেন। ৫০ বছর বয়স পর্যন্ত তিনি এই কাজ করেছেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, দুপুর পৌনে ১২টার দিকে তাঁরা খবর পান। এরপর ঘটনাস্থলে গিয়ে ভবনের চারতলার দরজা ভেঙে লাশটি উদ্ধার করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আলফাজের দুই ছেলে চাকরি করেন। একজন যশোরে, অন্যজন ঢাকায় থাকেন। বাসায় একাই থাকতেন আলফাজ। তাঁর লাশ শৌচাগারে পড়ে ছিল। ভবনের ভাড়াটে দুর্গন্ধ পেয়ে আলফাজের এক ভাতিজাকে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। অন্তত দুই দিন আগে আলফাজের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, আলফাজ বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।