বাসাইল আ.লীগের সভাপতি মতিয়ার ও সম্পাদক রাজিক
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মতিয়ার রহমান ওরফে গাউসকে সভাপতি ও মির্জা রাজিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পাঁচজন সহসভাপতি, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
আজ রোববার বাসাইল উপজেলার শহীদ মিনারসংলগ্ন খেলার মাঠে সম্মেলন শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি পদে নাম ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান জানান; সহসভাপতি পদে বাসাইল পৌরসভার মেয়র আবদুর রহিম, রফিকুল ইসলাম, আবু হানিফ, হবিবুর রহমান চৌধুরী, ফজলুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিউল আরেফিন খানশুর, জাদিদুর রহমান, সোহানুর রহমান; সাংগঠনিক সম্পাদক পদে খায়রুল ইসলাম, মোস্তফা খানের নাম ঘোষণা করা হয়েছে।
অন্যান্য শূন্য পদে পরে নাম ঘোষণা করা হবে বলেও রফিকুল ইসলাম খান জানান। এর আগে সকালে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুনাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সাংসদ জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ তানভীর হাসান, কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মামুনুর রশীদ প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১৯ এপ্রিল বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হন কাজী অলিদ ইসলাম ও সাধারণ সম্পাদক পদ লাভ করেন মতিয়ার রহমান। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কাজী অলিদ ইসলামকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।