বাসে চকলেট খেয়ে অজ্ঞান, খোয়া গেল মুঠোফোন-টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিনহাজ উদ্দিন। বুধবার সকালের ছবি
প্রথম আলো

যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিনহাজ উদ্দিন (৩২) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে তাঁর জ্ঞান ফিরে এসেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

মিনহাজ উদ্দিন চট্টগ্রামের কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত ট্রান্সক্রাফট লিমিটেডের কর্মী। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।

হাসপাতালে আজ সকালে মিনহাজ উদ্দিন জানান, সরিষাবাড়ী উপজেলায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তিনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন। গতকাল সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাসে ওঠেন। চট্টগ্রামের কুমিরা এলাকায় পৌঁছার পর বাসে এক ব্যক্তি একটি কোম্পানির পণ্যের প্রচারণা করছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে একটি চকলেট খেতে দেন। চকলেটটি মুখে দেওয়ার পর ঘুমে তাঁর চোখ বন্ধ হয়ে যেতে থাকে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

গতকাল দুপুরের দিকে মিনহাজকে ফেনীর মহিপাল এলাকায় সড়কের পাশে নামিয়ে দিয়ে বাসটি চলে যায়। স্থানীয় সহায় নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়কারী মঞ্জিলা মিমি জানান, মিনহাজ দীর্ঘ সময় সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মিনহাজকে সেখানকার চিকিৎসক ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ (রেফার) লিখে পাঠিয়ে দেন। বিকেলেই তাঁকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ১০টার দিকে মিনহাজের জ্ঞান ফিরে আসে। তিনি একটু একটু করে কথা বলতে পারছেন।

মিনহাজ উদ্দিন বলেন, দুর্বৃত্তরা তাঁর একটি মুঠোফোন সেট, ৮ হাজার টাকা, কাপড়সহ ব্যাগটি নিয়ে গেছে। তিনি বলেন, বাসে চকলেট খাওয়ার কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। হাসপাতালে কীভাবে এসেছেন, কিছুই জানেন না।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হোসেন ভূঁঞা বলেন, মিনহাজ উদ্দিনের শরীর এখনো কিছুটা দুর্বল। অল্প সময়ে তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন।

ইকবাল হোসেন ভূঁঞা আরও বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রতি মাসেই দু-তিনজন অচেতন রোগী হাসপাতালে ভর্তি হন। যাদের দ্রুততম সময়ে হাসপাতালে ভর্তি করা হয়, তাঁরা চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠেন।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির উদ্দিন বলেন, মাঝেমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কিছু লোক অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তবে পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেন না। পুলিশ দুর্বৃত্তদের ওপর নজর রাখার চেষ্টা করে। বাসে বা ট্রেনে অপরিচিত লোকের কাছ থেকে কোনো ধরনের পানীয়, পান, সিগারেট, চকলেট, ডাবের পানি না খাওয়ার পরামর্শ দেন ওসি।