বাসে মুখ বেঁধে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসের পেছনে নিয়ে মুখ বেঁধে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বাসটির চালকসহ তিনজনের বিরুদ্ধে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের শালিধা এলাকার নতুন বাসস্ট্যান্ড–সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই কিশোরীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। পরে ওই কিশোরীর করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন বাসটির চালক শহরের দত্তপাড়া এলাকার রূপ মিয়ার ছেলে মো. রাব্বি (২৪), চালকের সহকারী মনোহরদীর হাতিরদিয়া এলাকার ইমান উদ্দিনের ছেলে রাব্বি মিয়া (১৮) ও পলাশের দক্ষিণ দেওড়া এলাকার জালাল আকন্দের ছেলে জাহিদুল ইসলাম (২০)।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। সোমবার দুপুরে বাঞ্ছারামপুর থেকে নরসিংদী সদরের সাহেপ্রতাব এলাকায় পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আসে সে। পরে শহরের লঞ্চঘাটের উদ্দেশে সাহেপ্রতাব এলাকা থেকে রংধনু পরিবহনের একটি বাসে ওঠে। শালিধা এলাকার নতুন বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর বাসটির সব যাত্রী নেমে যায়। এ সময় ওই কিশোরীকে একা পেয়ে কৌশলে তাকে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে যান চালকসহ ওই তিনজন। এরপর বাসের পেছনের সিটে নিয়ে তার মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণ করেন তাঁরা। পরে তাকে নতুন বাসস্ট্যান্ড এলাকায় নামিয়ে পালিয়ে যান।

ওই কিশোরী ৯৯৯–এ কল দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এরপর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। দুপুরে ওই কিশোরী নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে নরসিংদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার করা মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর আদালতে পাঠানো হলে সন্ধ্যায় আদালত তাঁদের জেলহাজতে পাঠান।

এর আগে গত বছরের ২৮ মে ঢাকার আশুলিয়ায় চলন্ত বাসে পোশাকশ্রমিক এক তরুণীকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনার পরপরই ছয়জন বাসচালককে গ্রেপ্তার করে পুলিশ।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর পোশাক কারখানার আরেক শ্রমিককে (২২) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড় এলাকায় বাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর তিশা প্লাস নামের ওই বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া ২০১৮ সালের ৮ এপ্রিল ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী পোশাককর্মী ধর্ষণের শিকার হন। পরে পুলিশ ওই বাস থেকে তাঁকে উদ্ধার করে। ঢাকা-আরিচা মহাসড়কের এ ঘটনায় পরে বাসটির চালক, সুপারভাইজার, চালকের সহকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।