বাসের ধাক্কায় গাড়িতে আগুন, পুড়ে মরলেন চিকিত্সক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারার বারমাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে ২০-৩০ হাত দূরে নিয়ে যায়। এতে প্রচণ্ড জোরে শব্দ হয়ে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। মারা যান প্রাইভেট কারের চালকের আসনে থাকা চিকিত্সক। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ার ভেড়ামারার বারমাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে ২০-৩০ হাত দূরে নিয়ে যায়। এতে প্রচণ্ড জোরে শব্দ হয়ে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। মারা যান প্রাইভেট কারের চালকের আসনে থাকা চিকিত্সক। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের পর কারের চালক একজন চিকিত্সক আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন যাত্রী আহত হন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে সকাল সাড়ে নয়টার দিকে ছেড়ে আসা ফাতেমা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মহাসড়কের ভেড়ামারা উপজেলার বারমাইল নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই চালকের আসনে থাকা চিকিত্সক আমিরুল ইসলাম পুড়ে মারা যান। এ সময় বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হন। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সময় সড়কের পাশে থাকা মো. নাসিম উদ্দীন প্রথম আলোকে জানান, বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে অতিক্রম করছিল। এ সময় সামনে থেকে আসা কুষ্টিয়াগামী প্রাইভেট কারটি সড়কের বাঁ পাশে থামার চেষ্টা করে। কিন্তু বাসটি প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে সামনের দিকে ২০-৩০ হাত দূরে নিয়ে যায়। এতে প্রচণ্ড জোরে শব্দ হয়ে প্রাইভেট কারে আগুন ধরে যায়।

বাসের সামনের আসনে বসা যাত্রী হেনা খাতুন বলেন, চালক কিছুক্ষণ পর পর মোবাইল ফোনে কথা বলছিলেন। জোরে শব্দ শোনার পর দেখতে পান চালক লাফ দিয়ে নেমে যাচ্ছেন। এ সময় তিনিসহ অন্য যাত্রীরাও দ্রুত যে যাঁর মতো জানালা ও দরজা দিয়ে নেমে পড়েন। নামার ১০ মিনিট পরই বাসে আগুন লেগে যায়।

আরেক যাত্রী মমতাজ আরা বলেন, চালক সচেতন হলে এ দুর্ঘটনা ঘটত না।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে বাস ও প্রাইভেট কারের আগুন নেভান। তাঁরা প্রাইভেট কারের ভেতর থেকে চিকিত্সকের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় সড়কের উভয় পাশে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ঘটনাস্থলে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, বাসের চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশিস বিন হাসান বলেন, আমিরুল ইসলাম ভেড়ামারা শহরের কাস্টম মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও স্থানীয় প্রতীক্ষা নার্সিং হোমের পরিচালক ছিলেন। আমিরুল ইসলামের স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে আছেন। মেয়েটি একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। ছেলে নবম শ্রেণীতে পড়ে।